
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
দেশে জীবাশ্ম জ্বালানির নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা, এসব প্রকল্পে অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত এবং দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মোংলার কানাইনগরে পশুর নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘পশুর রিভার ওয়াটারকিপার’ ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান পরিবেশ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ‘ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ বলেন, ‘জীবাশ্ম জ্বালানি প্রকল্পে সব ধরনের অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু বিপর্যয় মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়ে দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এখন সময়ের দাবি।’
তিনি অভিযোগ করেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি খাতকে কেন্দ্র করে অতীতে কিছু অসাধু ব্যবসায়ী, আমলা ও রাজনীতিকের সিন্ডিকেট তৈরি হয়েছিল। এর মাধ্যমে দেশের আর্থিক খাতে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সৌরশক্তিসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশকে জ্বালানিতে স্বনির্ভর করার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব এবং সুন্দরবনের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। বক্তব্য দেন সংগঠনটির নেত্রী অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন, স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি মেহেদী হাসান। এ সময় এলাকার পরিবেশকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।