
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ভোলার চরফ্যাশন সরকারি কলেজে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯৬৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৩৩৩ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৬৩০ জন। পাসের হার ৩৪ দশমিক ৫৮ শতাংশ।
উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের মতে, এবারের এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি ও নকলবিরোধী অবস্থানের কারণে শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের সুযোগ পায়নি। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষায় কড়াকড়ি থাকায় পড়াশোনায় অমনোযোগী ও মুখস্থনির্ভর শিক্ষার্থীদের বড় একটি অংশ অকৃতকার্য হয়েছে।
পরীক্ষা চলাকালে চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা চরফ্যাশন মহিলা কলেজ কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা কেন্দ্রের ভেতরে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভাঙচুরের অভিযোগে প্রায় ১০০ পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় একটি মামলা হয়।
স্থানীয় শিক্ষাসচেতন ব্যক্তিরা মনে করছেন, আগের বছরগুলোতে পরীক্ষার হলে কিছুটা শিথিলতা থাকায় পড়াশোনায় পিছিয়ে থাকা অনেক শিক্ষার্থীও পাস করেছে। তবে এবার কঠোর নজরদারির কারণে শিক্ষার্থীদের প্রকৃত প্রস্তুতির প্রতিফলন ঘটেছে। তাঁদের মতে, এই ফলাফল কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে একটি সতর্কবার্তা।