গৌরনদীতে গর্ভবতী গরু জবাই, ঘটনাস্থলে মিলল মৃত বাছুর; মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ

হোম » বরিশাল » গৌরনদীতে গর্ভবতী গরু জবাই, ঘটনাস্থলে মিলল মৃত বাছুর; মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে গর্ভবতী গরু জবাই, ঘটনাস্থলে মিলল মৃত বাছুর; মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় জবাইকৃত গরুর পাশে একটি মৃত বাছুর পাওয়া যায়। পরে একটি ডিপ ফ্রিজ থেকে সংরক্ষিত মাংসের বিশেষ কিছু অংশ জব্দ করে সেগুলো মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে প্রশাসনের দল সেখানে অভিযান চালায়। এ সময় কর্মকর্তারা ঘটনাস্থলে জবাইকৃত গরুর পাশে একটি মৃত বাছুর দেখতে পান।

 

এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মো. ফিরোজ হাওলাদার ও তাঁর ছেলে সোহেল হাওলাদারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁরা ঘটনাস্থলে আসছেন বলে জানালেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

 

অভিযানকালে সোহেল হাওলাদারের ডিপ ফ্রিজে সংরক্ষিত জবাইকৃত গরুর বিশেষ কিছু অংশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাংস টরকী বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. চঞ্চল মাঝির কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেয় প্রশাসন।

 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস (প্রাণিসম্পদ) কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ এবং গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. আতিক হোসেন।

 

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৭ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ