
সাগরকন্যা প্রতিবেদক, কাঠালিয়া (ঝালকাঠি)
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় লোকজনের পাশাপাশি কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি গুদামঘর পুড়ে যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফিরোজের কসমেটিকসের দোকান, মন্টু ইলেকট্রনিকস, লিটন মুন্সীর মুদি দোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, লিটনের মুদি দোকান, মতি মোল্লার মুদি দোকান, বিমলের মুদি দোকান ও বেকারি এবং আবদুল কাদেরের টেলিভিশন সার্ভিসিং সেন্টার। এ ছাড়া দুটি গুদামঘরও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।