বরগুনায় যুব দিবসে মাদক ছেড়ে কারিগরি দক্ষতা অর্জনের আহ্বান

হোম » বরগুনা » বরগুনায় যুব দিবসে মাদক ছেড়ে কারিগরি দক্ষতা অর্জনের আহ্বান
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


বরগুনায় যুব দিবসে মাদক ছেড়ে কারিগরি দক্ষতা অর্জনের আহ্বানসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

মাদক ছেড়ে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করার আহ্বান জানিয়ে বরগুনায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

রবিবার (১ নভেম্বর) দুপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি প্রধান অতিথি এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলি উল্লাহ অলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে অনিবার্য কারণে তাঁরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাও অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

 

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তবমুখী কারিগরি দক্ষতাও জরুরি। কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যুবকেরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারেন। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে।

 

অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত করতে হবে। মাদকের পেছনে সময় ও জীবন নষ্ট না করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মমুখী হওয়ার আহ্বান জানান তিনি। যুবকদের মাদকমুক্ত ও কর্মদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. কামরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহসভাপতি আবদুস শাকুরসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩২:০৩ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ