নেছারাবাদে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ যুবক, সন্ধান চেয়ে মায়ের আবেদন

হোম » পিরোজপুর » নেছারাবাদে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ যুবক, সন্ধান চেয়ে মায়ের আবেদন
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


নেছারাবাদে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ যুবক, সন্ধান চেয়ে মায়ের আবেদনসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে মো. বরাত (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৮ অক্টোবর সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা মোসা. মেরিনা বেগম। তাঁর সন্ধান চেয়ে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি।

 

নিখোঁজ বরাত উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুটিয়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি মোসা. মেরিনা বেগম ও মোশারফ হোসেন দম্পতির ছেলে। পেশায় অটোরিকশাচালক বরাত মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তাঁর পরিবার।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন বরাত। দুপুরে বাড়িতে ফিরে কাউকে না পেয়ে আবার বেরিয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। তবে তাঁর ব্যবহৃত অটোরিকশাটি মালিকের কাছে রেখে গেছেন বলে জানিয়েছেন তাঁর মা।

 

পরিবারের সদস্যরা জানান, এর আগেও বরাতকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। মাঝেমধ্যে তিনি স্বাভাবিক আচরণ করতেন। নিখোঁজ হওয়ার পর তাঁর বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরিবারের ধারণা, তিনি পথ হারিয়ে কোথাও চলে গেছেন।

 

বরাত এর আগেও একবার নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর মা। ছেলের সন্ধান পেতে তিনি থানায় সাধারণ ডায়েরি করার উদ্যোগ নিয়েছেন।

 

কোনো সহৃদয় ব্যক্তি বরাতের সন্ধান পেলে তাঁর মা মোসা. মেরিনা বেগমের সঙ্গে ০১৩২১-৫৪৭৬৩৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৪৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ