সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) গৌরনদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উত্তর চাঁদশী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড ও দক্ষিণ চাঁদশী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, মো. শামীম খলিফা, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ, সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্য অতিথি।
সমবায় অধিদপ্তর, ঢাকার আওতাধীন ‘বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের অধীনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমবায় অধিদপ্তর, ঢাকা আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে ব্যবস্থাপনায় ছিল জেলা সমবায় কার্যালয়, বরিশাল এবং উপজেলা সমবায় কার্যালয়, গৌরনদী।
প্রকল্পের আওতায় মৎস্য চাষ ট্রেডে সমবায় সমিতির ৬৩ জন সদস্যকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩ জন সদস্যকে প্রত্যেককে ৮০ হাজার টাকা করে ঋণের চেক দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নেওয়া হয়েছে।