
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও কপ-৩১-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং জনগণের জন্য দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়ন করতে হবে।
তারা কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ার দুটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে থাকা বিপুল পরিমাণ খালি জায়গায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর দাবি জানান।
বক্তারা বলেন, কয়লার দূষণ বন্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশদূষণ ও কয়লাদূষণ বন্ধে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।