চোর সন্দেহে যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

হোম » ঢাকা » চোর সন্দেহে যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


চোর সন্দেহে যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চোর সন্দেহে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের ওপর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তার হাত-পা ভেঙে ও দুই চোখ উপড়ে বিলের পাশে একটি ধানখেতে ফেলে রেখে গেছে।

 

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশের একটি ধানখেত থেকে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চোর সন্দেহে রবিবার রাতে কয়েকজন ব্যক্তি দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলে তাকে ফেলে রেখে যায় তারা।

 

সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, সোমবার সকালে স্থানীয়রা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবার ও পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

 

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ২২:০১:১৮ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ