গৌরনদীতে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

হোম » বরিশাল » গৌরনদীতে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ বাটাজোর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নজরুল প্যাদাকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত নজরুল প্যাদা (৪৯) অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় কালিবাড়ি বাজারে হেমায়েতের চায়ের দোকানে বসে চা পান করছিলেন তিনি। এ সময় বাটাজোর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. মাইনুল সরদারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন সেখানে গিয়ে তাঁর পরিচয় জানতে চান। তিনি আওয়ামী লীগ করেন কি না, জানতে চাইলে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে তাঁকে কিলঘুষি মারতে মারতে স্থানীয় ওয়ার্ড বিএনপির ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মো. মাইনুল সরদার। তাঁর দাবি, তাঁকেসহ ছাত্রদলের তিন থেকে চারজন নেতাকর্মীকে দেখে নজরুল প্যাদা বিএনপিকে কটূক্তি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নজরুল প্যাদা ও তাঁর ভাগনে তুষারের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাঁদের ওপর হামলা চালান। এতে ছাত্রদল কর্মী শুভ সরদার ও সাগর আকন মারধরের শিকার হন। এ সময় স্থানীয় বিএনপির ক্লাব ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ