মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা, আওতায় ৭৯ হাজার জেলে

হোম » জেলে-মৎস্য » মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা, আওতায় ৭৯ হাজার জেলে
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


 

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা, আওতায় ৭৯ হাজার জেলে

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়াতে মৎস্য বিভাগের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

 

এ সময়ে ১০ ইঞ্চির কম আকারের সব জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে এক থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

 

জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগে পটুয়াখালীতে প্রশাসনের তেমন কোনো প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি। তবে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ।

 

নিষেধাজ্ঞার এ সময়ে পটুয়াখালী জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেবে সরকার।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ