আগৈলঝাড়ায় পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও পোশাক

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও পোশাক
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও পোশাক

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

 

বিতরণ অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তাঁরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। জনগণের সেবার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামসুল হক খোকন ও কার্তিক বেপারী প্রমুখ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাঁদের চলাচল সহজ করা ও দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল এবং পোশাক বিতরণ করা হয়েছে। নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ