বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

হোম » বরগুনা » বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগে মামলা
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগে মামলাসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

যৌতুকের দুই লাখ টাকা না পেয়ে স্ত্রীকে মারধর ও গলায় পা দিয়ে চেপে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

 

সোমবার (২ নভেম্বর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন।

 

মামলার একমাত্র অভিযুক্ত সাইদুর রহমান (২৮)। তিনি পাথরঘাটা উপজেলার রূপধন গ্রামের মো. আবুল কালামের ছেলে।

 

মামলার অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, ২০২২ সালের ৩০ অক্টোবর সাইদুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর কিছুদিন সংসার ভালোভাবে চললেও পরে স্বামীর বাবা-মায়ের পরামর্শে তাঁর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন এবং তালাক দেওয়ার হুমকি দিতেন।

 

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ ১ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে স্বামীর বসতঘরে আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় সাইদুর রহমান তাঁর চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। একপর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরে তাঁকে হত্যার চেষ্টা করেন।

 

গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা তাঁর বাবাকে খবর দেন। বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

মামলায় আরও অভিযোগ করা হয়, ঘটনার সময় শ্বশুর-শাশুড়ি বাড়িতে উপস্থিত থাকলেও তাঁরা তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেননি। বরং তাঁরাও মারধরে অংশ নেন। গৃহবধূ মামলায় শ্বশুর-শাশুড়িকেও আসামি করেছিলেন। তবে আদালত তাঁদের নাম মামলা থেকে বাদ দিয়েছেন।

 

বরগুনার বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, সাম্প্রতিক সময়ে যৌতুকের দাবিতে স্ত্রীদের ওপর নির্যাতনের অভিযোগ বাড়ছে। নারীর প্রতি এ ধরনের সহিংসতা বন্ধে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

 

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:১৪:১০ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ