সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, মামলা গ্রহণ ও তাঁর স্বামী রাসেল মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় দাবি পূরণে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গাবালী থানার সামনে অবস্থান নেন তাঁরা।
কর্মসূচিতে নিহত শীলার ছেলে রাফিনসহ স্বজন ও এলাকাবাসী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শীলার মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ করে তাঁর স্বামী রাসেল মাহমুদকে গ্রেপ্তার করতে হবে। দুপুর ২টা পর্যন্ত তাঁরা থানার সামনে অবস্থান করেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ। নিহতের ছোট ভাই রাইসুল ইসলাম কমল বাদী হয়ে মামলাটি করছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাবা প্রয়াত সাজাদুল ইসলাম শামীম ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর স্বামী রাসেল মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
শীলার স্বামীর দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের সন্দেহ, তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।