সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে সড়কের পাশে ঝুপড়ি ঘরে থাকা এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোরে পৌর শহরের কুন্ডুপট্টি সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা কয়েক মাস ধরে কুন্ডুপট্টি সড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন। সোমবার ভোর সোয়া চারটার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁর চিৎকার শুনতে পান। পরে বাইরে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ১১ মিনিটের দিকে হলুদ রঙের একটি ট্রাক বৃদ্ধার ওপর দিয়ে চলে যায়। এ সময় তাঁকে ‘ওরে বাবা, ওরে মা’ বলে চিৎকার করতে শোনা যায়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কাজ করছে। পরিচয় পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। অভিযুক্ত চালক ও গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।