আমতলীতে জমি দখলের অভিযোগে শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

হোম » বরগুনা » আমতলীতে জমি দখলের অভিযোগে শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


আমতলীতে জমি দখলের অভিযোগে শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকে কেন্দ্র করে শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মাওলানা মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। ২৬ বছর আগে রোপণ করা এসব গাছ কাটার ঘটনায় সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গাছের রোপণকারী মো. আব্দুর রশিদ খান।

 

সোমবার (২ নভেম্বর) সকালে আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগে বলা হয়, পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরাতন লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দুই শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আব্দুর রশিদ খান। ২০০০ সালে তিনি ওই জমিতে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ রোপণ করেন। গাছগুলো বড় হওয়ার পর সোমবার সকালে কামরুজ্জামান ও তাঁর লোকজন সেগুলো কেটে ফেলেন বলে অভিযোগ করেছেন তিনি।

 

আব্দুর রশিদ খানের দাবি, জমিটি জোরপূর্বক দখলে নিতে দলীয় প্রভাব খাটিয়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন কামরুজ্জামান। তিনি বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ