
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পাটাতন ভেঙে পড়া সেই মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি উপজেলার পশ্চিম টিয়াখালী গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের দেয়ালের আস্তরের কাজও শেষের পথে। এসব কাজে সহায়তা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মো. সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া বায়তুল মামুর জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে পাটাতন ভেঙে যায়। এতে কয়েকজন মুসল্লি পানিতে পড়ে যান। পরে নিরাপত্তার কারণে সড়কে নামাজ আদায় করতে হচ্ছিল তাদের। খবর পেয়ে সেখানে ছুটে যান যুবদল নেতা সুমন। তার সহযোগিতায় মসজিদের বালু ভরাটের কাজ শুরু হয়েছে।
মুসল্লিরা জানান, বালু ভরাটের কাজ শেষ হলে নতুন পাটাতন স্থাপন করা হবে। এরপর আবারও স্বাভাবিকভাবে মসজিদে নামাজ আদায় করা সম্ভব হবে।
এদিকে পশ্চিম টিয়াখালী গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের নির্মাণকাজ শেষ হলেও অর্থের অভাবে দেয়ালের আস্তরের কাজ বাকি ছিল। গাজী মো. সুমনের সহযোগিতায় সেই কাজও এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মসজিদ কমিটি।
মসজিদ কমিটির সভাপতি মো. কামরুজ্জামানসহ স্থানীয় মুসল্লিরা বলেন, বিভিন্ন মানুষের সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে দেয়ালের আস্তরের কাজ আটকে ছিল। সুমনের সহযোগিতায় সেটি সম্পন্ন হচ্ছে। তারা তার জন্য দোয়া করেন।
টিয়াখালী ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, গাজী মো. সুমন এর আগেও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা করেছেন। কৃষক, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন।
কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মো. সুমন বলেন, টিয়াখালী ইউনিয়নের যেসব স্থানে মুসল্লিরা নামাজ আদায়ে সমস্যায় পড়েন, সাধ্যমতো সেসব মসজিদের সংস্কারে সহযোগিতা করার চেষ্টা করেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।