ভাণ্ডারিয়ায় ফুটপাত-ড্রেন দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের সতর্কতা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ফুটপাত-ড্রেন দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের সতর্কতা
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


ভাণ্ডারিয়ায় ফুটপাত-ড্রেন দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের সতর্কতাসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।

 

অভিযানে শহরের জুতাপট্টি এলাকায় ড্রেনের ওপর ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, প্রধান সড়কের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছবাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে সড়কের ওপর কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র দেখা যায়।

 

এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব দখল ও প্রতিবন্ধকতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

 

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ জোমাদ্দার এবং স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

ইউএনও মো. হাসিবুল হাসান জানান, ভবিষ্যতে কেউ আবার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৪০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ