মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

হোম » আইন-আদালত » মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


 

মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করে আইন অমান্য করায় দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার।

 

‘পাট ও পাটজাত পণ্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি’- এই স্লোগানকে সামনে রেখে পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিযানের অংশ হিসেবে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

অভিযানকালে চালের দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ অনুযায়ী মেসার্স ভাই ভাই ভান্ডারের মালিক বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা এবং মেসার্স মিরাজ এন্টারপ্রাইজের মালিক আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার ও মোরেলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

অভিযান শেষে বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, পরিবেশ দূষণ রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়ন করেছে। আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার কমিয়ে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ