বাউফলে যুবদলনেতা শহীদ নবীন তালুকদারের কবর জিয়ারত ও দোয়া

হোম » পটুয়াখালী » বাউফলে যুবদলনেতা শহীদ নবীন তালুকদারের কবর জিয়ারত ও দোয়া
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

শহীদ যুবদলনেতা নবীন তালুকদারের কবর জিয়ারত ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ যুবদলনেতা মো. নবীন তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে নবীন তালুকদারের কবর জিয়ারত শেষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু।

 

কৃষিবিদ লিটু বলেন, ‘যুবদলনেতা নবীন তালুকদার দলের নিবেদিতপ্রাণ ছিলেন। দল ও দেশের জন্য তিনি জীবন বিলিয়ে দিয়েছেন। নবীনসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। তাই নবীন তালুকদারকে আমরা ভুলে গেলে চলবে না। তাঁর আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। তাঁর আদর্শ ধারণ করে আমাদের পথ চলতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘১৯ জুলাই পল্টন এলাকায় আমরা একসঙ্গে ছিলাম। নবীন আমার থেকে প্রায় ৪০ গজ দূরে ছিলেন। হঠাৎ পুলিশের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিকূল পরিবেশের মধ্যেও তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি। তবে নবীনকে বাঁচাতে পারিনি।’

 

কৃষিবিদ লিটু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

 

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. সাইফুল মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল আকনসহ সূর্যমণি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মো. নবীন তালুকদার বাউফল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নেন। ২০২৪ সালের ১৯ জুলাই পল্টন কার্যালয় এলাকায় অবস্থানকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

বাংলাদেশ সময়: ২০:২৭:০৪ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ