
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে তরুণ আইনজীবী নিজাম উদ্দীন শান্তকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় মামলাটি করেন। তবে ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রকাশ্য সড়কে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি। দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আইনজীবীরা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলাটির তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখনো হত্যাকাণ্ডের মূল কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, ‘নিজাম উদ্দীন আমাদের সমিতির একজন সদস্য ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করবে- এটাই আমাদের দাবি।’ সমিতির সদস্যসচিব মোশারেফ হোসেন মন্টুও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছান আইনজীবী নিজাম উদ্দীন শান্ত। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি মারা যান। নিহত নিজাম উদ্দীন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে আইনজীবী সমাজ ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।