
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)
ঝালকাঠীর নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা-মানপাশা সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশের সংস্কারকাজ দেড় বছর ধরে বন্ধ থাকায় দ্রুত কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা দ্রুত সংস্কারকাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সেওতা-মানপাশা সড়কটি নলছিটির মানপাশা এলাকার সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এ সড়ক দিয়ে অন্তত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন উল্টে যাত্রী ও পথচারীরা আহত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কারকাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল আযম বলেন, কাজটি ঠিকাদার মো. নাসিম আকন শুরু করেছিলেন। কাজ চলাকালে তিনি মারা যাওয়ায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান করে দ্রুত কাজ পুনরায় চালুর চেষ্টা চলছে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার দ্রুত শেষ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।
এসই/এমআর