পটুয়াখালীতে দুই পোষা কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

হোম » লিড নিউজ » পটুয়াখালীতে দুই পোষা কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দুটি কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়। ছড়িয়ে পড়া ভিডিও থেকে ছবি নেওয়া

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীতে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (২৬ জুলাই) পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন।

 

মামলার আসামিরা হলেন সদর উপজেলার দক্ষিণ বাদুরা এলাকার মো. মঞ্জু হাওলাদার (৫০) ও মো. জহির হাওলাদার (৪৫)। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি সরাসরি আমলে নিয়ে দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের চেরা ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। যাচাই শেষে তিনি বাদী হয়ে মামলা করেন।

 

মামলার বাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান বলেন, ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

 

উল্লেখ্য, গত ২৩ জুলাই পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় হাঁস তাড়া করার অভিযোগে দুটি পোষা কুকুরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। কুকুর দুটির মালিকের অভিযোগ, প্রায় চার বছর ধরে তিনি কুকুর দুটি পালন করছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ