স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা

হোম » পিরোজপুর » স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) রিক্সা শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে রিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি ও রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন।

 

স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. আমিনুল ইসলাম মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আনিচুজ্জামান বাদল, নেছারাবাদ উপজেলা কৃষক দলের সভাপতি মো. সোহাগ হাওলাদার, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. নাইমুল ইসলাম, স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক শামীম মৃধাসহ অন্যরা।

 

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নির্বাচন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বক্তারা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন বলেন, ‘স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবশ্যই উৎসবমুখর হতে হবে। শ্রমিকদের অংশগ্রহণে একটি সুন্দর ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

 

তিনি আরও বলেন, ‘সরকার থেকে বরাদ্দ আসার আগ পর্যন্ত স্বরূপকাঠির বিভিন্ন সড়কের ভাঙাচোরা ও খানাখন্দ শ্রমিকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রাথমিকভাবে সংস্কার করে নিতে হবে। প্রয়োজনে আমি আর্থিকভাবে সহযোগিতা করব।’

 

রিক্সা শ্রমিকদের সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘স্বরূপকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়ন প্রায় ১২শ শ্রমিকের একটি বৃহৎ পরিবার। এই সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় অত্যন্ত জরুরি। সংগঠনের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য সরকারের কাছে জমি বরাদ্দের আবেদন করা হবে।’

 

তিনি জানান, খুব শিগগির সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হবে।

 

সভায় বক্তারা বলেন, রিক্সা শ্রমিকরা স্বরূপকাঠির পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারা।

 

সভায় রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রায় দুই শতাধিক শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩১:০৩ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ