
সাগরকন্যা প্রতিবেদক, দৌলতখান (ভোলা)
ভোলার দৌলতখানে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের লাশ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় আবুল কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। তবে কাশেমের ছেলে ইকবাল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহত মমতাজ ওরফে রাসু বেগম ওই এলাকার জাহাঙ্গীরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির আবুল কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের দাবি, পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুবিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম শুক্রবার বিকেলে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।