মক্কা-মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা ছারছীনার পীরের

হোম » ইসলামী জীবন » মক্কা-মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা ছারছীনার পীরের
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

মক্কা-মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা ছারছীনার পীরের

সাগরকন্যা প্রতিবেদক

 

পবিত্র মক্কা-মুকাররমা ও মদিনা-মুনাওয়ারাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র মক্কা-মুকাররমায় অবস্থিত কাবা শরীফ এবং মদিনা-মুনাওয়ারায় রওজা মোবারক সমগ্র মুসলিম উম্মাহর ঈমান ও ভালোবাসার কেন্দ্রস্থল। তাই এ দুই পবিত্র নগরীর নিরাপত্তা ও মর্যাদার প্রতি যেকোনো হুমকি অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

 

তিনি বলেন, ‘রাজনৈতিক বা সামরিক বিরোধের সমাধান কখনো হামলা, প্রতিশোধ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে হতে পারে না। বিরোধ নিরসনে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমঝোতার পথ অনুসরণ করতে হবে। পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা ও সমগ্র সৌদি আরবের ভূখণ্ডকে কোনোভাবেই সংঘাতের ময়দানে পরিণত করা গ্রহণযোগ্য নয়।’

 

ছারছীনার পীর ছাহেব আরও বলেন, ‘হারামাইন শরীফাইন কোনো দল, মত বা ফেরকার বিষয় নয়; এটি সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র আমানত। এর ইজ্জত, মর্যাদা ও পবিত্রতা রক্ষায় দলমত-নির্বিশেষে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান রেখে হারামাইন শরীফাইনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।’

 

বিবৃতিতে তিনি ওআইসি-ভুক্ত সব মুসলিম দেশ ও আরব লীগকে ঐক্যবদ্ধ হয়ে হারামাইন শরীফাইনের নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে ‘হারামাইন শরীফাইন নিরাপত্তা পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

বিবৃতির শেষে পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা, হারামাইন শরীফাইন, সৌদি আরব ও সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তা, শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১১ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ