
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাথরঘাটা পুরাতন শহরের মোল্লাবাড়ি সংলগ্ন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সোহরাব হোসেন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বড় পাথরঘাটা এলাকার মৃত খোরশেদ হোসেনের ছেলে।
নিহতের স্ত্রী পাখি বেগম জানান, বুধবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন সোহরাব। দুপুর গড়িয়ে বিকেল ও রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার বিষখালী নদীতে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা সোহরাবের লাশ শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, নদীর পাড়ে কেওড়াপাতা সংগ্রহ করতে গিয়ে জাহানারা বেগম নামে এক নারী নদীতে লাশটি ভাসতে দেখেন। পরে স্থানীয়রা নদী থেকে লাশটি উদ্ধার করেন।
পাখি বেগমের দাবি, সোহরাব দীর্ঘদিন আগে মিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। অন্যদিকে স্থানীয় সাংবাদিক আল আমিন ফোরকান জানান, পরিবারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, কিছুদিন ধরে সোহরাব মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এমএইচকে/এমআর