লেগুনার সিটের নিচে ব্যাগে মিলল দেশীয় এলজি, গ্রেপ্তার ১

হোম » চট্টগ্রাম » লেগুনার সিটের নিচে ব্যাগে মিলল দেশীয় এলজি, গ্রেপ্তার ১
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


লেগুনার সিটের নিচে ব্যাগে মিলল দেশীয় এলজি, গ্রেপ্তার ১সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের সিটের নিচে ব্যাগে রাখা দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে গেছেন।

 

রবিবার (১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালায় নগর পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল।

 

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করা হয়। তবে তাঁর সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান।

 

পরে মিজানুরের দেওয়া তথ্যে লেগুনার চালকের সিটের নিচে রাখা একটি ব্যাগ থেকে এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর পুলিশকে জানিয়েছেন, অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তবে এগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

 

গ্রেপ্তার মিজানুর রহমান খাগড়াছড়ি সদর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ আরিফিন বাজার এলাকায় বসবাস করতেন।

 

এ ঘটনায় মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ডিবি জানিয়েছে, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলাও রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ