সাগরকন্যা খেলা ডেস্ক
রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ের পর ম্যাচের রেফারির পক্ষ নিয়েছেন কোচ হোসে মরিনিও। কিলিয়ান এমবাপের পেনাল্টি এবং অরেলিয়েন শুয়োমেনির হ্যান্ডবল নিয়ে বিতর্কের মধ্যেও রেফারি মুনুয়েরা মন্তেরোর সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন পর্তুগিজ এই কোচ।
এল সারদিনেরো স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, রেফারি ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। বিশেষ করে শুয়োমেনির হ্যান্ডবল নিয়ে স্বাগতিকদের পেনাল্টির দাবির সঙ্গে একমত নন তিনি।
মরিনিও বলেন, ‘তারা সবকিছু নিয়েই প্রতিবাদ জানিয়েছিল। আমি সত্যিই এই স্টেডিয়ামের প্রশংসা করি, কারণ এটি বিশেষ। লোকজন এখানে সিনেমা দেখতে আসেনি, এখানে ভক্তরাও খেলে। কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন, যারা নিয়মকানুন জানেন না। কারণ এগুলো ক্রমাগত পরিবর্তন হতে থাকে।’
ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টির দাবি জানায় স্যান্টান্ডার। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, শুয়োমেনির বুটে লেগে বল দুর্ঘটনাবশত তাঁর হাতে লাগে। ফলে পেনাল্টির আবেদন নাকচ করা হয়।
এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মরিনিও বলেন, ‘শুয়োমেনির ওটা পেনাল্টি ছিল না। ৬০ মিটার দূর থেকে আমি দেখতে পাইনি। কিন্তু যখন দেখলাম, আমি নিশ্চিত ছিলাম যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটা নিয়ে অবগত ছিল না। এটা কোনো পেনাল্টি ছিল না। রেফারি প্রযুক্তিগতভাবে দক্ষ ছিল।’