
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের দায়ে এক বাদীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে মোশারফ হোসেন ওরফে হারুন অর রশীদ। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর মোশারফ হোসেন বামনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একেএম শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলেকে কানাডায় পাঠানোর কথা বলে শহিদুল ইসলাম ১৫ লাখ টাকা নিলেও বিদেশে পাঠাননি এবং অর্থ আত্মসাৎ করেছেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ না পাওয়ায় একেএম শহিদুল ইসলামকে খালাস দেন। পরে চলতি মাসের ২০ জুলাই আদালত মোশারফ হোসেনকে স্বশরীরে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি।
এর পর আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে খালাসপ্রাপ্ত একেএম শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আদালতে অনুপস্থিত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ছিদ্দিকুর রহমান পান্না বলেন, আদালতের রায়ে তার মক্কেল সন্তোষ প্রকাশ করেছেন।