
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝটিকা মশাল মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. রাতিন জোমাদ্দারকে (২৩) বরিশাল থেকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাতিন জোমাদ্দার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাতিন জোমাদ্দারের নেতৃত্বে ১৫-২০ জন যুবক শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার নিয়ে আমড়াগাছিয়া ইউনিয়নে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল এবং বেতাগী-মির্জাগঞ্জ সড়কের চালিতাবুনিয়া সেতুর ওপর একটি ঝটিকা মশাল মিছিল করেন বলে অভিযোগ রয়েছে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড সক্রিয় করা, সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং জননিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় রাতিন জোমাদ্দারসহ আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা (জিআর নং-১০১) দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার রাতিন জোমাদ্দারকে আদালতে সোপর্দ করা হবে।