বাঘ রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বিশ্ব বাঘ দিবসের আলোচনায় বক্তারা

হোম » খুলনা » বাঘ রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বিশ্ব বাঘ দিবসের আলোচনায় বক্তারা
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


 

বাঘ রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বিশ্ব বাঘ দিবসের আলোচনায় বক্তারা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা জানান, গত একশ বছরে বিশ্ব থেকে প্রায় ৯৩ শতাংশ বাঘ বিলুপ্ত হয়েছে। বর্তমানে মাত্র আটটি দেশে প্রায় চার হাজার বাঘ টিকে আছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি ‘টাইগার অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের দাবি জানান তারা।

বুধবার (২৯ জুলাই) সকালে মোংলার মিঠাখালী বাজারে ‘বিশ্ব বাঘ দিবস’ উপলক্ষে ‘ধরা’ এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ‘ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাঘ চোরাচালান চক্র সুন্দরবনে সক্রিয় থেকে বাঘ হত্যা করে দেহাংশ বিদেশে পাচার করছে। এসব চক্র দমনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিষ প্রয়োগে মাছ নিধন এবং সুন্দরবনের দূষণ রোধে দ্রুত ‘টাইগার অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়ন জরুরি।

পরিবেশকর্মী মেহেদী হাসান বলেন, প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছত্রছায়ায় বাঘ এবং এর আবাসস্থল ধ্বংস করা হচ্ছে। জাতীয় ঐতিহ্যের অংশ সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বাঘকে দেশের শৌর্য ও বীরত্বের প্রতীক উল্লেখ করে সুন্দরবন সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। সমাজসেবক ও রাজনীতিক শেখ রুস্তুম আলী নীতিনির্ধারকদের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে সকালে মিঠাখালী ও চাঁদপাই বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে মিঠাখালী মাঠে বাঘ ও সুন্দরবন সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী ‘বাঘ মহড়া’ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৩ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ