বিএনপি-আওয়ামী লীগের জোটের প্রস্তাব ফিরিয়েছি, ক্ষমতার লোভ করিনি: চরমোনাই পীর

হোম » বরিশাল » বিএনপি-আওয়ামী লীগের জোটের প্রস্তাব ফিরিয়েছি, ক্ষমতার লোভ করিনি: চরমোনাই পীর
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


বিএনপি-আওয়ামী লীগের জোটের প্রস্তাব ফিরিয়েছি, ক্ষমতার লোভ করিনি: চরমোনাই পীরসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের জোটে নেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তবে ক্ষমতার লোভে কোনো রাজনৈতিক জোটে যুক্ত হননি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটের সম্ভাবনাও নাকচ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

রবিবার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি ‘পীরসাহেব চরমোনাই’ নামে পরিচিত।

 

মুফতি রেজাউল করীম বলেন, ‘হয়তো ২০-৩০টি এমপি কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে এবং আমাদের লোভ থাকলে জামায়াতের সঙ্গে থেকে কেন এমপি হতে হবে? বিএনপি তো আমাদের সেই প্রস্তাব দিয়ে রেখেছিল। আওয়ামী লীগও সেই প্রস্তাব দিয়েছিল; আমরা লোভ করিনি।’

 

তিনি বলেন, ‘কারণ, আমরা ক্ষমতার লোভে নয়, দেশ, ইসলাম ও মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে রাজনীতি করি। আমরা নির্ভেজাল সত্যের পথে থেকে দেশটাকে বাঁচাতে চাই, ইসলামকে বাঁচাতে চাই, মানুষের কল্যাণকে রক্ষা করতে চাই। এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমরা রাজনীতি করি।’

 

জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুলে ইসলামী আন্দোলনের আমির বলেন, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ার সময় কঠিন পরিস্থিতিতেও দলটির বাক্সে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়বে, তা তিনি নিজেও বুঝতে পারেননি।

 

তিনি বলেন, ‘নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও আমরা হতাশ হইনি কিংবা হাল ছাড়িনি। কারণ, পরাজয় বা ভরাডুবি স্বাভাবিক বিষয় হলেও আল্লাহর রহমতে আমরা রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যাইনি।’

 

মুফতি রেজাউল করীম আরও বলেন, জাতীয় নির্বাচন-২০২৬-এর পর ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থান দাবি করার মতো অবস্থানে আর কেউ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বুক ফুলিয়ে বলতে পারে, নির্ভেজাল ইসলামের আদর্শের রাজনীতি করলে দলটির বিকল্প নেই।

 

নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরেছে।

 

তিনি বলেন, ‘জাতীয় টেলিভিশনে যখন আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি, তখন পরিষ্কারভাবে জাতির কাছে অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেন, আমরা ইসলাম অনুযায়ী, শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করব।’

 

ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘অনেকেই ইসলাম শব্দ শুনলে শিহরিত হন। তাঁদের কাছে ইসলাম যেন কোনো বাঘ বা ভালুকের মতো ভীতিকর কিছু। অথচ বাস্তবে ইসলাম একটি আদর্শ।’

 

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৪৪:১৬ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ