কয়রায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

হোম » খুলনা » কয়রায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


কয়রায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

জরুরি পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে খুলনার কয়রায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগকালীন সময়ে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেজেএসের এসসিভিএল প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার আব্দুল্লাহ আল হোসাইন।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক নারায়ণ মণ্ডল ও মো. তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বাশিরুল ইসলাম, জেজেএসের এসসিভিএল প্রকল্পের নাসির মাহমুদ, সিপিবি সদস্য মোস্তাফিজুর রহমান এবং শিক্ষার্থী মনিরা সুলতানা, লামিয়া ইসলাম ও মানাফুজ্জামান।

বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে জেন্ডার-সংবেদনশীল এবং প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র গড়ে তোলা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে শিশুদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। তারা আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষের পৃথক কক্ষ, পৃথক শৌচাগার, প্রতিবন্ধীবান্ধব র‌্যাম্প এবং মায়েদের জন্য স্তন্যদান কর্নারের (ব্রেস্টফিডিং কর্নার) অভাবের বিষয়টি তুলে ধরে।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিপিপি সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫৫ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ