
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের সদ্যনিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। পরে তারা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে জানতে পারেন, রোববার ছিল ডা. মনিরুজ্জামানের যোগদানের শেষ দিন। তবে তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।
ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলার সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।’
তবে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘গত ২১ জুলাই আমাকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ২৩ জুলাই যোগদান করেছি।’
তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দিয়েছে। তারা জানেন আমি দোসর কি না? সুতরাং এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২১ জুলাই ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৩ জুলাই তিনি পদে যোগদান করেন। রবিবার ছিল তার যোগদানের শেষ দিন। এদিন তাকে কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনকারীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন।