গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মাহিলাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সাইফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সাংবাদিক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে তার বোনজামাতা প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল মাহিলাড়া বাজারে তার কম্পিউটার দোকানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় যুবদল নেতা সোহাগ মোল্লা ও তার ভাই টুটু মোল্লা মাহিলাড়া হাটের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে তার বোনজামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসেন। তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করে দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে মাহিলাড়া ইউনিয়নের যুবদল নেতা সোহাগ মোল্লা বলেন, তাকে মারধর করে উল্টো ফাঁসানো হচ্ছে। তার ওপর হামলার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:১৬ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ