সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় বরগুনায় এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বরগুনা পৌর বাস টার্মিনালের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. রবিউল আলম (৬০) এবং টেকনাফের রোহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের বি ব্লকের মৃত আইউব আলীর স্ত্রী সামুদা বেগম (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে তল্লাশির সময় সন্দেহভাজন ওই দুজনের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মো. হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। তল্লাশিতে জুতার ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।