বরগুনা শহরের যানজট নিরসনে অটোরিকশা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড সরানোর দাবি

হোম » বরগুনা » বরগুনা শহরের যানজট নিরসনে অটোরিকশা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড সরানোর দাবি
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


বরগুনা শহরের যানজট নিরসনে অটোরিকশা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড সরানোর দাবিসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পৌর শহরের যানজট নিরসন ও নাগরিক ভোগান্তি কমাতে শহরের সব অটোরিকশা স্ট্যান্ড সরানো, তোহা বাজার দখলমুক্ত করা এবং শহরের ভেতর থেকে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি উঠেছে। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা বন্ধ এবং যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড ও চলাচলের রুট নির্ধারণের প্রস্তাব দিয়েছেন সভায় অংশগ্রহণকারীরা।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে নাগরিক সুবিধা নিশ্চিত ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সজল চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। সভায় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ মো. নুরুল আমিন, জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ূন হাসান শাহীন, পৌরসভার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, বাস মালিক, সিএনজি ও অটোরিকশা মালিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

 

সভায় বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল, যত্রতত্র স্ট্যান্ড স্থাপন এবং সড়ক ও ফুটপাত দখলের কারণে শহরে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

 

তাঁরা বলেন, যানজট নিরসনে শুধু যানবাহন নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে শহরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি নাগরিকদের চলাচলও সহজ হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, আমি কোনো কঠিন কথা বলতে চাই না। আপনাদের আন্তরিকতায় এ সভা করতে পেরেছি, এ জন্য সবাইকে অভিনন্দন। আমার দায়িত্ব হলো বরগুনা পৌরসভার নাগরিকদের সুবিধা নিশ্চিত করা। আপনাদের অনেক কথা মনোযোগ দিয়ে শুনেছি। দাবিগুলো যৌক্তিক। আপনাদের কাছ থেকে যেসব প্রস্তাব এসেছে, সেগুলো আমার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

 

তিনি বলেন, আমরা প্রস্তাবগুলো নোট করে নিচ্ছি। সেগুলো খসড়া করে চূড়ান্ত করার পর আমি স্বাক্ষর করলে পরবর্তী সময়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আমরা চেষ্টা করব প্রতি মাসে এ ধরনের একটি সভা করতে। নিয়মিত সভা হলে আপনাদের কথা শুনে সমস্যার সমাধান করা সহজ হবে।

 

জেলা প্রশাসক আরও বলেন, একটি শহর শুধু রাস্তা ও ভবন দিয়ে সুন্দর হয় না। সুশৃঙ্খল চলাচল, পরিচ্ছন্ন পরিবেশ এবং নাগরিকদের স্বস্তি নিশ্চিত করার মাধ্যমেই শহর সুন্দর হয়ে ওঠে। যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। সড়ক যেন যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকে, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে।

 

বরগুনা শহরকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি। সভায় যানজট নিরসন, বাজার ও ফুটপাত দখলমুক্তকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ