বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম

হোম পেজ » বরগুনা » বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার বেতাগীতে যৌতুক দাবী করে না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে কুপিয়ে জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার রুজু করার নির্দেশ দেন।

 

বাদি জানান, ২০১৫ সালে মোঃ নুরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি বাবার বাড়ি থেকে বিভিন্ন পরিমাণ অর্থ এনে স্বামীকে দিয়েছেন। তারপরও স্বামী দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। চলতি মাসের ৫ মার্চ সকাল ১১টায় নুরুল ইসলাম ও তার বোন রেশমা বাদির ভাইয়ের বাড়িতে এসে একই যৌতুক দাবী করেন। বাদি যৌতুক দিতে অস্বীকার করলে তর্কের এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে দাও দিয়ে তার স্ত্রীকে কোপ দেন। বাদি হাত দিয়ে কোপ রোধ করার চেষ্টা করলে বাম হাতের তালুতে রক্তাক্ত কাটা জখম হয়।

 

বাদি অভিযোগ করেছেন, দুই লাখ টাকা যৌতুকের জন্য আমার স্বামী ও ননদ আমাকে বিভিন্ন সময় জ্বালা-যন্ত্রণা দিয়েছে। স্বামী আমাকে আমার ভাইর বাড়িতে পাঠিয়ে দিয়ে আবার এসে তর্ক ও হিংস্র আচরণ করেছে।

 

অপরদিকে, আসামী নুরুল ইসলাম জানিয়েছেন, আমার স্ত্রী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমি এই মামলা সম্পর্কে আগে জানতাম না।

 

বিশেষ পিপি রনজুয়ারা সিপু এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১৭ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ