সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণকাজে লোকসানের অভিযোগ তুলে বরগুনায় মানববন্ধন করেছেন স্থানীয় ঠিকাদাররা। নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও সড়ক বিভাগের চলমান সব টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণসামগ্রীর বাড়তি বাজারদরের সঙ্গে সরকারি উন্নয়নকাজের নির্ধারিত ব্যয়ের সামঞ্জস্য থাকছে না। ফলে বিদ্যমান দর অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারদের বড় অঙ্কের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। এ পরিস্থিতিতে পুরোনো রেট শিডিউলে নতুন কাজ নেওয়া তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত তাঁরা কোনো টেন্ডারে অংশ নেবেন না। পাশাপাশি বরগুনার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান সব টেন্ডার বাতিল করে নতুন রেট শিডিউল অনুযায়ী পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন ঠিকাদাররা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।