পাঁচ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন, বারান্দায় চলছে পাঠদান

হোম » বরগুনা » পাঁচ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন, বারান্দায় চলছে পাঠদান
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


পাঁচ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন, বারান্দায় চলছে পাঠদানসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

একটি নিরাপদ শ্রেণিকক্ষের স্বপ্ন নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অথচ তাদের জন্য নেই নিজস্ব শ্রেণিকক্ষ। নেই শিক্ষকদের বসার উপযুক্ত জায়গাও। বাধ্য হয়ে অন্য একটি বিদ্যালয়ের খোলা বারান্দায় চলছে পাঠদান। এভাবেই বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে বরগুনা সদর উপজেলার পুরাকাটা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তাদের জন্য নির্মাণাধীন একতলা ভবনটির কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে ভবনটি।

 

বিদ্যালয়টির ভবন নির্মাণে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ৮০ লাখ টাকার কার্যাদেশ দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কাজ পান পটুয়াখালীর ঠিকাদার মো. সহিদুল ইসলাম। অভিযোগ রয়েছে, তিনি নিজে কাজ না করে পটুয়াখালীর রফিকুল ইসলামের কাছে কাজটি হস্তান্তর করেন। ২০২১ সালের শেষ দিকে কিছু নির্মাণসামগ্রী এনে কাজ শুরু করলেও কয়েক দিন পর শ্রমিকেরা চলে যান। পরে স্থানীয় লোকজন ওই মালামাল সরিয়ে নেন। এরই মধ্যে ঠিকাদারকে ৪০ লাখ ৭০ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।

 

এরপর ২০২২ সালের মে মাসে আবার কাজ শুরু করেন রফিকুল ইসলাম। কিছুদিন কাজ করার পর আবারও বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। ২০২৩ সালের শেষ দিকে কয়েক দিন কাজ করে ভবনের একটি ছাদ ঢালাই করা হয়। এরপর দীর্ঘ বিরতি। ২০২৫ সালের শেষ দিকে আবার কিছু ইটের গাঁথুনির কাজ করে চলে যান শ্রমিকেরা। এরপর থেকে ভবনটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার আওয়ামী লীগপন্থী হওয়ায় সরকার পতনের পর থেকে কাজ শেষ করতে আগ্রহ দেখাচ্ছেন না। তবে ঠিকাদার মো. সহিদুল ইসলাম বলেন, ‘এ কাজের আমার কোনো দায় নেই। আমি অফিসকে বারবার বলেছি, কাজটি বাতিল করে দিতে। অফিস কেন বাতিল করছে না, তা আমি জানি না।’

 

কাজটি গ্রহণকারী ঠিকাদার রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারা আক্তার বলেন, আমাদের আগে একটি টিনশেড ঘর ছিল। সেটিও ভেঙে ভবন তৈরির কাজ শুরু করেন ঠিকাদার। এখন শতাধিক শিক্ষার্থী নিয়ে পাশের একটি বিদ্যালয়ের খোলা বারান্দায় পাঠদান করাতে হচ্ছে। নিজস্ব ভবন না থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বসারও উপযুক্ত ব্যবস্থা নেই।

 

ঠিকাদারদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষক বলেন, সহিদুল ইসলামকে ফোন করলে তিনি রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আর রফিকুল ইসলামকে ফোন করলে তিনি কাজ চলছে বলে জানান। কিন্তু বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।

 

প্রধান শিক্ষক আরও বলেন, একই সময়ে বরগুনা আলিয়া মাদ্রাসা, ডেমরা ও গুদিঘাটা ভবনের টেন্ডার হয়েছিল। সেসব ভবনে এখন শ্রেণি কার্যক্রম চলছে।

 

প্রধান শিক্ষকের অভিযোগ, ঠিকাদার নিজে কখনো বিদ্যালয়ে আসেননি। শ্রমিকদের মাধ্যমে যে কাজ হয়েছে, তার মান নিয়েও প্রশ্ন রয়েছে। নির্মিত অংশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা যথাযথ তদারকি না করেই অধিকাংশ বিল পরিশোধ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে বরগুনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ইশা হোসেন বলেন, আমি কাজ শুরু করেছিলাম। এরপর আমাকে অন্যত্র বদলি করা হয়। পরে আবার বরগুনায় যোগ দিয়ে ঠিকাদারকে বারবার কাজ করার জন্য বলেছি। আমাদের নির্বাহী প্রকৌশলীও তাগাদা দিয়েছেন। ঠিকাদার মাঝেমধ্যে কাজ করেন, আবার বন্ধ রাখেন। তিনি আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩০ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ