
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন খাইরুল ইসলাম (২৬) নামের এক যুবক। তিনি এক সন্তানের জনক। রবিবার (৮ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। তাঁর দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে থাকছেন।
তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং বিভিন্ন সময় গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান তিনি। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হন খাইরুল। ওই রাতে খাবার না খেয়ে ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
পরে পরিবারের সদস্যরা রবিবার সকালে বাড়ির বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বিকেলে ফিরে এসে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, গোয়ালঘর থেকে দড়ি এনে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।