ভোলার চরফ্যাশনে বাস-সিএনজি শ্রমিক দ্বন্দ্ব: চার ঘণ্টা সড়ক অবরোধ

হোম পেজ » ভোলা » ভোলার চরফ্যাশনে বাস-সিএনজি শ্রমিক দ্বন্দ্ব: চার ঘণ্টা সড়ক অবরোধ
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

ভোলার চরফ্যাশনে বাস-সিএনজি শ্রমিক দ্বন্দ্ব: চার ঘণ্টা সড়ক অবরোধ

শিপু ফরাজী, চরফ্যাশন (ভোলা) থেকে

ভোলার চরফ্যাশনে বাস মালিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে চার ঘণ্টা সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে বিকেল ৫টায় দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন বাজারে যানজট কমানোর জন্য গত ২৩ ফেব্রুয়ারি মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশাকে বাজারের বাইরে নির্ধারিত স্থান থেকে যাত্রী পরিবহন করতে হবে। কিন্তু বাসগুলো বাজারের মধ্যবর্তী ডিপোতে রাখায় উপজেলা প্রশাসন সোমবার সকালে সেগুলো সরিয়ে নতুন টারমিনালে পাঠায়।

 

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করেন, সকাল ১০টার দিকে সিএনজি শ্রমিকরা চরফ্যাশন টিবি স্কুলের সামনে একটি বাস থামিয়ে চালক ও হেলপারকে মারধর করেন। নিরাপত্তা ও বিচার দাবিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন। এরপর দুপুর সাড়ে ১২টায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টারমিনালের সামনে গাড়ি আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন। পুলিশের উপস্থিতিতে দেড় ঘণ্টার মধ্যে রাস্তা থেকে গাড়ি সরিয়ে ছোট যানবাহনের চলাচল স্বাভাবিক করা হয়।

 

সিএনজি অটোরিকশা ও হালকা যানবাহন মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান জানান, সিএনজি চালকরা বাস চলাচলে কোনো বাধা দেননি। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং বাস ও সিএনজি চলাচলের বিষয়ে আলোচনা চলছে।

 

ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা অসীম দত্ত জানান, জেলা প্রশাসনের সঙ্গে আগামীকাল মঙ্গলবার সমঝোতার আশ্বাসের পর বিকেল ৫টা থেকে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৫৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ