পিরোজপুর-২ আসন ইসলামের নামে ভোটের প্রতারণা চলছে: কাউখালীতে আকন কুদ্দুসুর রহমান

হোম » পিরোজপুর » পিরোজপুর-২ আসন ইসলামের নামে ভোটের প্রতারণা চলছে: কাউখালীতে আকন কুদ্দুসুর রহমান
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুর-২ আসন: ইসলামের নামে ভোটের প্রতারণা চলছে: কাউখালীতে আকন কুদ্দুসুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।

 

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি বলেন, গত ১৭ বছর জনগণ তাদের মূল্যবান ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতেই দেওয়া হতো। মানুষের গণতন্ত্র কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন দেশ স্বৈরতন্ত্র থেকে বের হয়ে গণতন্ত্রের পথে এগিয়ে চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আহম্মদ ফয়সাল মনজুর অপু, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াসউদ্দিন অলি, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন এবং সদস্য সচিব শারিফুল আজম সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৪১:১৯ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ