
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, চলমান নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ আওয়ামী লীগকে ভিন্ন নামে, এমনকি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে নির্বাচনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উপজেলা সদর সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের আগেই ১৫৩ জনকে এমপি নির্বাচিত করা হয়েছিল। জনগণ সে ধরনের নির্বাচন চায় না। তিনি অভিযোগ করেন, অনিয়মের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের সংসদে পাঠিয়ে পবিত্র সংসদকে কলুষিত করা হয়েছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেসব সদস্য কোনো অন্যায় করেননি, তাদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ নেই। তবে খুন, ধর্ষণ ও বিভিন্ন অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
নির্বাচনে জাল ভোটের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের দিন কেউ মাস্ক পরে ভোটকেন্দ্রে এলে তা যাচাই-বাছাই করার জন্য নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ জাল ভোট দিতে না পারে।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাহাবুদ্দিন নান্নু, আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার, অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল মান্নান, কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহাসিন উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মুন্সী, সহ-সভাপতি মো. গোলাম ফারুক মুন্সী, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী, ড্যাবের সদস্য ডা. সাইফুল ইসলাম রঞ্জু ও সাবেক যুগ্ম সম্পাদক মো. নূর হোসেন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।