
শিপু ফরাজী, চরফ্যাশন থেকে (ভোলা)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, গত ৫২-৫৪ বছর ধরে যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তাতে সাধারণ মানুষের মৌলিক কোনো চাওয়া-পাওয়া বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। অথচ এর বিনিময়ে আমরা বিশ্বে পাচার ও দুর্নীতিতে শীর্ষে উঠে এসেছি। এটি জাতির জন্য চরম লজ্জার।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন পৌর শহরের টি,বি হাইস্কুল মাঠে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, ৫ আগস্টের পর এ দেশে ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগানোর জন্য ইসলামী আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু ক্ষমতালোভীরা তখন নানা ষড়যন্ত্র শুরু করে। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের নেতৃত্বাধীন জোট প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, বরং প্রচলিত ধারাতেই রাষ্ট্র পরিচালনা করবে। যদি আবারও সেই পুরোনো ব্যবস্থাই চলতে থাকে, তাহলে জুলাইতে এই জীবনগুলো দেওয়ার অর্থ কী?
তিনি জনগণকে জানান, ইসলামের পক্ষে একটাই রাজনৈতিক বাক্স থাকবে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা। হাতপাখা ক্ষমতায় গেলে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে প্রকৃত বিজয়। যারা ইসলাম ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন।
পীর সাহেব চরমোনাই বলেন, একটি দল ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা মুখে ইসলামের কথা বললেও বাস্তবে জামায়াত শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষাংশে পীর সাহেব চরমোনাই ইসলামের পক্ষে একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উল্লেখ করে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।