
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার জনসভাকে কেন্দ্র করে আমতলীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগে ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার বিকেল চারটায় আমতলী পৌরসভা মাঠে জনসভা শুরু হয়। এ কারণে একে হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর দুইটায় ছুটি দেওয়া হয় বলে জানা গেছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাঠদান সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলার কথা। তবে জনসভাকে অজুহাত দেখিয়ে প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগে বিদ্যালয় ছুটি দেন। রবিবার দুপুর দুইটার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে; প্রধান শিক্ষকসহ কোনো শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন না।
প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান সাগরকন্যাকে বলেন, বিদ্যালয়ের পাশে জনসভা থাকায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে ছুটি দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোসা. শাহিনুর আক্তার জানান, আড়াইটার পরে বিদ্যালয় ছুটি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল; তবে শিক্ষকদের ছুটির অনুমতি দেওয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, জনসভার কারণে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।