
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ ও প্রান্তিক মানুষের ভোগান্তি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এসব সমস্যা চিহ্নিত করে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের (এসিজি) উদ্যোগে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরগুনার মাইঠা চৌমুহনী এলাকার বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসিজি কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল। প্রধান অতিথি ছিলেন সনাকের সহসভাপতি ডা. মনিজা। বিশেষ অতিথি ছিলেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসাইন খান ও বন্ধুমহল ক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেন রুবেল।
সভায় স্থানীয় রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন। মাইঠা এলাকার কহিনুর বেগম অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তিনি কোনো ওষুধ পাননি। প্রয়োজনীয় সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।
সেলিনা বেগম অভিযোগ করেন, মেয়েকে প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করার পর পাঁচ দিনেও কোনো গাইনি চিকিৎসক পাননি। পরে মেয়ের অবস্থা সংকটাপন্ন হলে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে সিজার করাতে হয়।
রোগী রাজু অভিযোগ করেন, পায়ের ফোড়ার চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের কর্মীদের পক্ষ থেকে তার কাছে টাকা দাবি করা হয়। শিক্ষার্থী সায়েম অভিযোগ করেন, গালে সেলাই দেওয়ার জন্য সুতা, বায়োডিনসহ প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনে আনতে বলা হয়।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দরিদ্র ও প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের ওপর নির্ভর করেন। তাদের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক অর্থ দাবি, হয়রানি বা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়। রোগীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
প্রধান অতিথি ডা. মনিজা বলেন, একজন অসহায় রোগী যেন চিকিৎসা নিতে এসে আরও অসহায় হয়ে না পড়েন, সেটিই আমাদের প্রত্যাশা। সরকারি হাসপাতালে বিনামূল্যে বা নির্ধারিত ব্যবস্থায় যে সেবা পাওয়ার কথা, তা নিশ্চিত করা জরুরি। রোগীদের অধিকার রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
সভা শেষে রোগীদের অভিযোগ ও প্রত্যাশার সারসংক্ষেপ তৈরি করে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় এসিজি।
এমএইচকে/এমআর