সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন

হোম » বরিশাল » সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর জাতীয় সংসদ গড়ে তোলা হয়েছে। সেখানে বিরোধী দল সরকারি দলের সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রীর রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারকে তারা প্রতিদিন ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে ন্যায্য-অন্যায্য সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজেও আমরা হাত দিয়েছি। জাতীয় সংসদকে কার্যকর করা হয়েছে। সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।

পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, দেশের পুলিশকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করার অভিযোগ তুলে তিনি বলেন, এতে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে তাদের হারানো সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

আমলাতন্ত্র প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। একই সঙ্গে ব্যাংক খাতে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ তৈরির কথা তুলে ধরেন তিনি।

শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে শেয়ারবাজারকে কার্যকর ও আস্থাবান বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগ দেশের অর্থনীতিতে কাজে লাগে।

খাল খননের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে প্রতিটি জমিতে পানি পৌঁছানো সম্ভব হলে কৃষি উৎপাদন বাড়বে। এতে দেশ খাদ্য রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।

গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৬:০৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ