মেহেন্দিগঞ্জে এক রাতে ৪ দোকানে চুরি, সিসিটিভি ফুটেজে যুবক আটক

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে এক রাতে ৪ দোকানে চুরি, সিসিটিভি ফুটেজে যুবক আটক
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


মেহেন্দিগঞ্জে এক রাতে ৪ দোকানে চুরি, সিসিটিভি ফুটেজে যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে এক রাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইউসুফ হোসেন খান (২৪) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দবাজারের ফোরকান সিকদারের দোকান, শান্তিনগর এলাকার কালাম গাজীর দোকান, বাহেরচরের কাশেম খলিফার দোকানসহ চারটি দোকানে চুরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, এর মধ্যে কাশেম খলিফার দোকান থেকে ছয় কেস কোমল পানীয় (স্প্রিট) ও সিগারেটের প্যাকেটসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। অন্যান্য দোকান থেকেও বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ রয়েছে।

চুরির পর কয়েকটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়রা একজনকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে দোকানের কাছেই একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গ্রাম পুলিশের সহায়তায় তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আটক ইউসুফ হোসেন খান শ্রীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর ফেনুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মন্নান খান। স্থানীয়দের অভিযোগ, ইউসুফ মাদকাসক্ত। এর আগেও তার বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, আটক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৮:০৮ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ